২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার প্রত্যুষে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কনসাল জেনারেল-এর নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ কনস্যুলেট প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবং নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা অমর একুশে ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান তার বক্তব্যে ২১ ফেব্রুয়ারিকে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের এক মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে, একুশের চেতনা আমাদের সকল সংগ্রামের প্রেরণা হিসেবে শক্তি জুগিয়েছে। তিনি আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে কাজ করা এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশ ও দেশের সংস্কৃতিকে পরিচয় করার লক্ষ্যে সকল প্রচেষ্টাকে উৎসাহিত করেন।