সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সবচেয়ে বড় মেলায় বাংলাদেশি কোম্পানিগুলোর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মেলা শেষে ফিরে আসার লিখিত বন্ড দিয়েও এখনো ভিসা পাননি দেশের ৪১ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মূলত জুলাই বিপ্লবের সময় প্রবাসীরা দেশটিতে বিক্ষোভ করার পর থেকে ভিসা সীমিত করে রেখেছে আমিরাত। ফলে গালফ ফুড ফেয়ারের মতো মেলায় বাংলাদেশি কোম্পানিগুলোর অংশ নেওয়া নিয়েও দেখা দিয়েছে জটিলতা। বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে।
মেলায় অংশগ্রহণে আবেদন করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এরই মধ্যে প্রতিটি কোম্পানি সাত লাখ ২৫ হাজার টাকা জমা দিয়েছে স্টল বুকিংয়ের জন্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আরও ৩০ শতাংশ অর্থ ভর্তুকি দিয়ে ৩২৪ বর্গমিটার আয়তনের বাংলাদেশ প্যাভিলিয়ন নিশ্চিত করেছে। কিন্তু ৪১ প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের বিপরীতে ভিসা মেলেনি এখনো।