চট্টগ্রাম সাংবাদিকদের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনে বক্তারা সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসাথে, সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের বিচার ও পুনঃতদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক গোলাম সরওয়ার ও তার স্ত্রী তাদের দুর্দশার কথা তুলে ধরেন। গোলাম সরওয়ার বলেন, “আমাকে অপহরণের বিচার পাইনি চার বছরেও। প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই ঘটনায় আমার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। বিচার পাওয়া তো দূরের কথা, নিজেই হয়ে গেলাম মামলার আসামি।”

তিনি আরও বলেন, “আনিসুজ্জামান রনির দায়ের করা দুটি মিথ্যা মামলায় আসামি হয়ে আজ চার বছর ধরে আমিসহ তিনজন সাংবাদিক হয়রানির শিকার। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশায় জীবনযাপন করছি। আমি বাঁচতে চাই। সুন্দর একটি জীবন চাই।”
উল্লেখ্য, সংবাদ প্রকাশের কারণে ২০২০ সালের ৯ ডিসেম্বর আনিসুজ্জামান রনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারকে প্রধান আসামি করে প্রকাশক আয়ান শর্মা ও সাংবাদিক গোলাম সারওয়ারসহ মোট তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মানহানির মামলা দায়ের করেন আনিসুজ্জামান চৌধুরী রনি। এর আগে, ২০২০ সালের ২৯ অক্টোবর গোলাম সারওয়ারকে অপহরণ করে নির্যাতন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
মানববন্ধনে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া—বিজেআইএমের কনভেনর স্যাম জাহান, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের স্টাফ রিপোর্টার এমএ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।