ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত থেকে আলাল আহমদ জানান, বিজয় উদযাপন অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া এবং আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় কুয়েত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সোয়েব আহম্মেদ, মাইন উদ্দিন, চুন্নু মোল্লা, আবুল হাসেম এনাম, আক্তারুজ্জামান শামস, কাদের মোল্লাসহ অন্যান্য নেতারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠান শেষে কুয়েত বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা তারেক রহমান-এর নেতৃত্বে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ. জুবেদ, সিনিয়র সহ-সভাপতি আল আমিন রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।