
হবিগঞ্জ, ১ এপ্রিল: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের নিকটে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি লাইন থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। কয়েকটি বগি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।