ইতালির রাজধানী রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবৈধ পথে জীবন ঝুঁকিতে না ফেলে দক্ষতা অর্জনের মাধ্যমে ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইতালবাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী সম্মানয় ও উন্নয়ন সমিতি। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ মোঃ তাইফুর রহমান ছোটন বলেন, ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, একটি সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ইউরোপে দক্ষ জনশক্তি রপ্তানি করা সম্ভব, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় উঠে আসে যে ইউরোপের অন্তত দশটি দেশে আইটি ও ডিজিটাল প্রযুক্তি, হেলথ কেয়ার, ট্যুরিজম, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবস্থাপনা, কনস্ট্রাকশন এবং এগ্রিকালচারসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব খাতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি পাঠাতে পারলে তা দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মত দেন বক্তারা। এক্ষেত্রে নবনির্বাচিত প্রবাসবান্ধব সরকারের সহযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রবাসীদের প্রতিনিধি নির্বাচনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সংসদে সংরক্ষিত আসনে একজন প্রবাসী নারী প্রতিনিধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লায়লা শাহ, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, দীপু, আকতার হোসেন, মাহবুব আলম প্রধান, নজরুল ইসলাম বাবু এবং এনামুল হক মাসুমসহ রোমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের তরুণ জনশক্তি বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে 